Views Bangladesh Logo

সাত জেলায় বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ

অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্যোগে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে এবং ৩৯ জন আহত হয়েছেন। পানিবন্দী হয়ে পড়েছেন ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবারের সদস্যরা। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ ২২ হাজার।

মন্ত্রণালয়ের ১১ জুলাইয়ের প্রতিবেদন অনুযায়ী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই সাত জেলার ৫৮টি উপজেলা বন্যাকবলিত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও নতুন করে ফেনী, সিলেট এবং উত্তরাঞ্চলে, বিশেষ করে তিস্তা অববাহিকায়, সাময়িক বন্যার আশঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে সাঙ্গু, মাতামুহুরী, কুশিয়ারা, মনু ও সোমেশ্বরী—এই পাঁচটি নদীর সাতটি পর্যবেক্ষণ কেন্দ্রের পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আশ্রয়কেন্দ্রে ৪৪ হাজারের বেশি মানুষ
বন্যাকবলিত এলাকায় ১ হাজার ১৩১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে বর্তমানে ৪৪ হাজার ৪৫৭ জন আশ্রয় নিয়েছেন।

ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যাকবলিত সাত জেলার জন্য ১ কোটি ৪৫ লাখ টাকা এবং ২ হাজার ৬৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ৭ জুলাই থেকে সারা দেশের জেলা প্রশাসকদের জন্য মোট ৩ কোটি ৪৫ লাখ টাকা ও ৬ হাজার ৯০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।


এদিকে অনেক দুর্গত পরিবার এখনও ত্রাণ ও বরাদ্দ না পায়নি। বন্যা কবলিত একলাকায় খাবার ও সুপেয় পানি ও ওষুধের সংকট তৈরি হয়েছে। সন্তানসম্ভবা মা, শিশুরা, প্রবীণেরা রয়েছেন ঝুঁকিতে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ