Views Bangladesh Logo

তিস্তা-ধরলা-দুধকুমারে পানি বৃদ্ধি, রংপুর বিভাগের ৪ জেলায় বন্যার শঙ্কা

তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানির উচ্চতা বাড়তে থাকায় রংপুর বিভাগের চার জেলায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ সময়ে নদীগুলোর তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

সোমবার (১৩ জুলাই) সকালে পাউবোর নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদে পানির উচ্চতা বেড়েছে। এর মধ্যে সকাল ৯টায় রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি সতর্কসীমায় পৌঁছেছে এবং বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। অন্যদিকে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদেও পানির উচ্চতা বৃদ্ধি পেলেও সেগুলো এখনো বিপৎসীমার নিচে রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া সংস্থাগুলোর তথ্যানুযায়ী আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগসহ ভারতের মেঘালয়, আসাম ও পশ্চিমবঙ্গের উজান এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও রংপুর জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানির উচ্চতা আরও বাড়তে পারে। কোথাও কোথাও নদীর পানি বিপদসীমা অতিক্রম করার পাশাপাশি নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে বন্যা পূর্বাভাসে আরও বলা হয়েছে, পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে নদীগুলোর পানির স্তর কমতে পারে।

এদিকে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানিয়েছেন, জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং যেসব স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দুর্বল রয়েছে, সেগুলো মেরামতের কাজ চলমান আছে বলে তিনি জানান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ