আগামী ৭২ ঘণ্টায় পাঁচ জেলায় বন্যার শঙ্কা
আগামী ৭২ ঘণ্টার মধ্যে তিস্তা ও দুধকুমার নদীর অববাহিকায় অবস্থিত পাঁচ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সময়ে দেশের আরও কয়েকটি নদী অববাহিকার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
রোববার (২ আগস্ট) প্রকাশিত বন্যা পূর্বাভাস ও সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, বর্তমানে সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের বৃষ্টি ও নদ-নদীর পানির প্রবাহ অব্যাহত থাকায় আগামী তিন দিনে কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, তিস্তা ও দুধকুমার নদীর অববাহিকায় থাকা লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে বন্যার ঝুঁকি রয়েছে।
এ ছাড়া সুরমা-কুশিয়ারা অববাহিকার সিলেট ও সুনামগঞ্জ, ধরলা অববাহিকার লালমনিরহাট ও কুড়িগ্রাম এবং সোমেশ্বরী-ভুগাই-কংস অববাহিকার শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার নিম্নাঞ্চলে নদ-নদীর পানি সতর্কসীমা বা বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে।
এর ফলে এসব জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রটি।
সংস্থাটি সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের পরিস্থিতির প্রতি সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিয়েছে।
মতামত দিন