Views Bangladesh Logo

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, লালমনিরহাটে বন্যার শঙ্কা

উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে লালমনিরহাটের তিস্তা তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হয়েছে। পরিস্থিতি অব্যাহত থাকলে বন্যার ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

বুধবার সকালে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার জানান, উজানের ঢল ও অতিবৃষ্টির কারণে তিস্তার পানি ক্রমাগত বাড়ছে। এর প্রভাবে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিয়েছে।

পাউবোর সকাল ৬টার বুলেটিন অনুযায়ী, নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেখানে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৮ মিটার, যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার।

পানি বৃদ্ধির কারণে লালমনিরহাটের চরাঞ্চল, ফসলি জমি ও গ্রামীণ সড়কের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। অনেক স্থানে নৌকা ও ভেলাই এখন যাতায়াতের একমাত্র ভরসা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী রক্ষা বাঁধের যথাযথ সংস্কার না হওয়ায় বড় ধরনের ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে।

পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে জানিয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার বলেন, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ