Views Bangladesh Logo

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণিসম্পদ খাতে ক্ষতি ৭৭ কোটি টাকা

সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম বিভাগে গবাদিপশু, হাঁস-মুরগি, খামার ও পশুখাদ্য মিলিয়ে প্রাণিসম্পদ খাতে মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৭ কোটি ১৫ লাখ টাকা। চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, বিভাগের পাঁচ জেলার ৪৫টি উপজেলার ১৯১টি ইউনিয়নে এই ক্ষয়ক্ষতি হয়েছে। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম জেলা, যেখানে ক্ষতির পরিমাণ ৬০ কোটি ৬ লাখ টাকার বেশি। এরপর কক্সবাজারে প্রায় ১৩ কোটি ৫৪ লাখ, রাঙামাটিতে প্রায় ৩ কোটি, খাগড়াছড়িতে ৩৭ লাখ এবং বান্দরবানে ১৭ লাখ টাকার ক্ষতি নিরূপণ করা হয়েছে।

বন্যায় মোট ১০ হাজার ৯৯১টি গবাদিপশু ও হাঁস-মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মারা গেছে ১ লাখ ৬১ হাজার ৩৯৪টি গবাদিপশু, হাঁস ও মুরগি, আর ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৩ লাখ ৩৩ হাজার ৬৪২টি প্রাণী। শুধু মৃত প্রাণীর কারণেই আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি ৮৫ লাখ টাকা।

এ ছাড়া বন্যায় ৯১০ টন দানাদার পশুখাদ্য, ১৪ হাজার ২৬৫ টন খড় এবং ৯ হাজার ১২৯ টন ঘাস নষ্ট হয়ে গেছে, যাতে খামারিরা পড়েছেন বাড়তি আর্থিক বিপাকে। বন্যার পানিতে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটির বিস্তীর্ণ চারণভূমিও প্লাবিত হয়েছে, যা দীর্ঘমেয়াদে পশুখাদ্যের সংকট আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বন্যার প্রভাবে ২ লাখ ২৩ হাজারের বেশি গরু, প্রায় ৫ হাজার মহিষ, ১ লাখ ৬০ হাজারের বেশি ভেড়া, ২৮ লাখ ৪৫ হাজারের বেশি মুরগি এবং ৭০ হাজারের বেশি হাঁস অসুস্থ হয়ে পড়েছে। এসব আক্রান্ত প্রাণীর মধ্যে এ পর্যন্ত ১১ হাজার ৮৯৭টি পশু এবং ৮৪ হাজার ৬৫০টি হাঁস-মুরগিকে চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি রোগ প্রতিরোধে ১০ হাজার ৬৮৯টি পশু ও ১৯ হাজার ২৭টি হাঁস-মুরগিকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ