দেশের পথে বৃষ্টির মরদেহ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মে) রাত ৮টা ৫০ মিনিটে তার মরদেহ বহনকারী এমিরেটসের ফ্লাইটটি ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। দুবাই ট্রানজিট শেষে এমিরেটসের অপর একটি কানেক্টিং ফ্লাইটে করে মরদেহটি ঢাকায় আনা হবে।
এক ফেসবুক পোস্টে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানান, বৃষ্টিকে বহনকারী ফ্লাইটটি আগামীকাল (৯ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমন নিখোঁজ হন। নিখোঁজের আট দিন পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এর দুই দিন পর ২৬ এপ্রিল পার্শ্ববর্তী একটি জলাশয় থেকে বৃষ্টির মরদেহ উদ্ধার করেন তদন্তকারীরা।
এই জোড়া খুনের ঘটনায় হিশাম আবুঘারবিয়াহ নামের এক যুবককে শনাক্ত করেছে স্থানীয় পুলিশ। পরে সোয়াত টিম অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে দুই শিক্ষার্থীকে ফার্স্ট-ডিগ্রি মার্ডারের অভিযোগে বিচারের মুখোমুখি এই হত্যাকারী।
উল্লেখ্য, এর আগে গত ৪ মে লিমনের মরদেহ দেশে পাঠানো হয়। পরে ওইদিনই সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বৃষ্টির মরদেহ শনিবার দেশে পৌঁছালে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে