Views Bangladesh Logo

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রাম নগরীর অনন্যা আবাসিক এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৭টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি দল কয়েক মিনিট ধরে এ মিছিল করে। তবে মিছিলের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম।

মিছিলের ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও ভিডিওতে দেখা যায়, অনন্যা আবাসিক এলাকার পাশ দিয়ে একটি দল মিছিল করে কুয়াইশ সড়কের দিকে এগিয়ে যায়। এ সময় তাদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়ক তুলনামূলক ফাঁকা থাকার সুযোগে অনন্যা আবাসিক এলাকা থেকে মিছিলটি বের করা হয়। কয়েক মিনিট মিছিল করার পর অংশগ্রহণকারীরা দ্রুত সেখান থেকে সরে যান।

মিছিলে রাউজান উপজেলা ছাত্রলীগের সংগঠক হিসেবে পরিচিত আসিফ তুষার নেতৃত্ব দেন বলে জানা গেছে। এ সময় জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে একাধিক হত্যা মামলায় কারাবন্দি সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছবি সংবলিত একটি ব্যানারও দেখা যায়।

মিছিলের কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. আব্দুল করিম বলেন, ‘মিছিলের বিষয়ে আমি কিছুই জানি না।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ