Views Bangladesh Logo

এক যুগ পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত সেঞ্চুরি, লিটন দাসের দায়িত্বশীল ইনিংস এবং মোস্তাফিজুর রহমানের পাঁচ উইকেটে ভর করে নিউজিল্যান্ডকে হারিয়ে এক যুগ পর ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে টাইগাররা ৫৫ রানের জয় তুলে নেয়।

প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা থাকায় শেষ ম্যাচটি ছিল অঘোষিত ফাইনাল। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে বাংলাদেশ তোলে ২৬৫ রান। জবাবে নিউজিল্যান্ড অলআউট হয় ২১০ রানে। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় মেহেদী হাসান মিরাজের দল। ২০১৩-১৪ সালের পর নিউজিল্যান্ডের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। প্রথম তিন ওভারের মধ্যেই ফিরে যান দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। পরে সৌম্য সরকারও ১৮ রানে আউট হলে ৩২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

সেখান থেকে দলকে টেনে তোলেন শান্ত ও লিটন। ধৈর্যশীল ব্যাটিংয়ে দুজন গড়েন ১৬০ রানের জুটি। শান্ত ৭০ বলে ফিফটি পূর্ণ করে পরে শতকের দিকে এগিয়ে যান। শেষ পর্যন্ত ১১৪ বলে তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি। ১১৯ বলে ৯ চার ও ২ ছক্কায় করেন ১০৫ রান।

অন্যদিকে লিটন দাস দীর্ঘ অপেক্ষার পর পান ফিফটির দেখা। ৭১ বলে অর্ধশতক ছোঁয়ার পর ৯১ বলে ৭৬ রান করে আউট হন তিনি। তার ইনিংসে ছিল ৩ চার ও ১ ছক্কা।

তবে শান্ত-লিটনের বিদায়ের পর শেষদিকে আবার গতি হারায় বাংলাদেশ। একসময় ৩০০ রানের সম্ভাবনা জাগলেও শেষ ১০ ওভারে আসে মাত্র ৬১ রান। ফলে ইনিংস থামে ২৬৫ রানে।

রান তাড়ায় শুরুতেই আঘাত হানে বাংলাদেশ। চোট কাটিয়ে ফেরা মোস্তাফিজুর রহমান ইনিংসের চতুর্থ ওভারে ফেরান হেনরি নিকোলসকে। এরপর নাহিদ রানা ফেরান উইল ইয়াংকে।

অধিনায়ক টম ল্যাথামও বেশিক্ষণ টিকতে পারেননি। পরে নিক কেলি কিছুটা প্রতিরোধ গড়েন। তিনি ৮০ বলে ৫৯ রান করেন। তবে মোস্তাফিজ তাকে ফিরিয়ে দিলে নিউজিল্যান্ডের আশা অনেকটাই শেষ হয়ে যায়।

মোহাম্মদ আব্বাস ২৫ রান করে আউট হন। এরপর নাহিদ রানার ১৪৮.৬ কিলোমিটার গতির ইয়র্কারে বোল্ড হন জশ ক্লার্কসন। ১৩৭ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা।

শেষদিকে ডিন ফক্সক্রফট লড়াই চালিয়ে ৭৫ রান করলেও হার এড়াতে পারেননি। বাংলাদেশের হয়ে মোস্তাফিজ একাই নেন ৫ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়েই নিশ্চিত হয় বাংলাদেশের স্মরণীয় সিরিজ জয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ