টাঙ্গাইলে ৫ বছরের শিশুকে 'ধর্ষণ', থানায় মামলা
টাঙ্গাইলের দেলদুয়ারে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী শিশুর বাবা মামলা করেছেন।
অভিযুক্ত ব্যক্তির নাম মিন্টু মিয়া (৫৫)। তিনি দেলদুয়ার উপজেলার ডুবাইল বাসস্ট্যান্ড এলাকার আব্দুর রহিমের ছেলে।
ভুক্তভোগী শিশুর বাবা জানান, তাদের বাড়ি পাবনা জেলায়। দেলদুয়ার উপজেলার ডুবাইলে অবস্থিত নাসির গ্লাস ইন্ডাস্ট্রিতে ট্রাকচালক হিসেবে চাকরি করেন।
ডুবাইল ওভারব্রিজ সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকেন। বাসার পাশেই মিন্টু মিয়ার মনিহারি দোকান। গত মঙ্গলবার বিকেলে শিশুটি দোকানে চকোলেট কিনতে যায়। এ সময় মিন্টু প্রলোভন দেখিয়ে তাকে দোকানের ভেতর নিয়ে যায়।
পরে তার ওপর পাশবিক যৌন নির্যাতন চালায়। বাসায় ফিরতে দেরি হওয়ায় তার মা খুঁজতে দোকানে যায়। সেখানে দেখেন শিশুটি বিবস্ত্র অবস্থায় রয়েছে এবং কান্নাকাটি করছে। পরে মিন্টু দোকান বন্ধ করে পালিয়ে যায়। পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি এবং দেলদুয়ার থানায় মামলা করা হয়।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সাদিকুর রহমান বলেন, শিশুটি শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোয়াব পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই ধর্ষণের বিষয়টি জানা যাবে।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। ওই শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শিশুটির জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে