রাজধানীর ঈদ জামাতগুলো ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার
এবারের ঈদে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, তবে সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানসহ রাজধানীর ঈদ জামাতগুলো ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা হাতে নেয়া হয়েছে।
রোববার (৩০ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে তিনি এসব কথা জানান।
সাজ্জাত আলী বলেন, শুধু আওয়ামী লীগ নয়; নিষিদ্ধ ঘোষিত যে কোনো দলের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে ডিএমপি।
ডিএমপি কমিশনার বলেন, সারাদেশের মতো ঢাকা মহানগরীতেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা এ ঈদগাহে নামাজ আদায় করবেন।
তিনি আরও বলেন, এবার নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ সদস্যের পাশাপাশি সিটিটিসি, এটিইউ সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। এছাড়াও শতাধিক সিসি ক্যামেরার নজরদারিও থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে