সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৫ শ্রমিক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
শুক্রবার সকালে ইয়ার্ডে থাকা একটি জাহাজে হাউজ কিপিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। জাহাজটির একটি ট্যাংক থেকে গ্যাস নির্গত হতে দেখে শ্রমিকরা সেদিকে এগিয়ে যান, এ সময় তাদের কয়েকজন অজ্ঞান হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ইয়ার্ড থেকে ছয়জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা পাঁচজনকে মৃত ঘোষণা করেন। একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান জানান, জাহাজে বিষাক্ত গ্যাস নির্গমনে ১০ জন শ্রমিক আহত হওয়ার খবর তারা পেয়েছেন। ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনও বিস্তারিতভাবে জানা যায়নি বলে জানান তিনি। গ্যাস নির্গমনের কারণ এবং ইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা পরিদর্শনের পর নিশ্চিত করা যাবে বলে জানান তিনি।
ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। সীতাকুণ্ড স্টেশনের স্টেশন অফিসার আল মামুন জানান, তারা শিপ ইয়ার্ডের ভেতরে অবস্থান করে উদ্ধারকাজ চালাচ্ছেন, তবে এই মুহূর্তে বিস্তারিত তথ্য দেওয়ার মতো পরিস্থিতি নেই।
এদিকে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, ফেরদৌস স্টিল শিপ ইয়ার্ডে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
মতামত দিন