Views Bangladesh Logo

বগুড়ায় শিশু রিফাত হত্যার আট বছর পর রায়, ৫ আসামির মৃত্যুদণ্ড

বগুড়ার শাজাহানপুরে শিশু রিফাতকে অপহরণের পর নৃশংসভাবে হত্যার দায়ে ৫ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ ৮ বছর পর আদালতের শুনানি শেষে শাজাহানপুর উপজেলার এই শিশু হত্যার এই রায় ঘোষণা করা হয়েছে।

সোমবার (২১ জুন) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন।

একই সাথে ঘটনার সময় নাবালক থাকায় আরও ৫ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আবুল কালাম আজাদ, সেলিম ইসলাম, মেহেদী হাসান, রাজু মিয়া ও সাগর। রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে ৮ জন আদালতে উপস্থিত থাকলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেলিম ও সাগর এখনো পলাতক রয়েছে।

জানা গেছে, ২০১৮ সালের ১৫ জুলাই গোহাইল ইউনিয়নের শিশু রিফাতকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে আসামিরা। পরে অপহরণের চারদিন পর তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ ৮ বছর পর কাঙ্ক্ষিত বিচার পেয়ে আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন রিফাতের স্বজনেরা। নৃশংস এই হত্যাকাণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত তা কার্যকরের দাবি জানিয়েছেন তারা।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আলী আসগর জানান, এ মামলায় নারী ও শিশু নির্যাতন আইনের ৭ ও ৮ ধারায় শাস্তি হয়েছে। এছাড়া হত্যা ও মরদেহ গুম করার অপরাধও প্রমাণিত হয়েছে আদালতে। আসামিরা হত্যার দায় স্বীকার করেছেন। তবে অপরাধের সময় বয়স কম থাকায় ৫ জনকে ১০ বছরের সাজা দিয়েছেন বিচারক। তারা এখন প্রত্যেকে ২৬ বছর বয়সি। আর অপরাধের সময় প্রাপ্তবয়স্ক থাকায় অপর পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক।

রিফাতের পিতা এনামুল হক জানান, এই রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। বগুড়ার আদালতে আমার ছেলে হত্যার ন্যায় বিচার পেয়েছি। এই রায় যেন উচ্চ আদালতে বহাল থাকে এই দাবি জানাচ্ছি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ