Views Bangladesh Logo

নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলি, আহত ৫

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১ টায় উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। তারা ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গুলিবিদ্ধ নজরুল ইসলাম শান্ত জানান, তিনটি মোটরসাইকেল, দুটি সিএনজি চালিত অটোরিকশায় করে কয়েকজন নারীসহ আমরা একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ভিডিও করতে যাচ্ছিলাম। ওই সময় পেছন দিক থেকে আমাদের মোটরসাইকেল লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে তারা মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান। এতে তাদের সঙ্গে থাকা পাঁচজনের মাথায়, হাতে পিঠে গুলিবিদ্ধ হয়।

তিনি আরও জানান, দুর্বৃত্তদের মধ্যে স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদ নামে দুই জনকে শনাক্ত করা গেছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, শরীরে গুলিবিদ্ধ অবস্থায় এখন পর্যন্ত ৫ জন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে এসেছেন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানা বলেন, ‘রাত আনুমানিক ১২টায় থানায় দুই গুলিবিদ্ধ যুবক আসলে তাদেরকে চিকিৎসার জন্য আমরা হাসপাতালে যেতে পরামর্শ দেই। গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থল এবং হাসপাতালে আহতদের দেখতে পুলিশের একাধিক দল গিয়েছে।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ