বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি, বিভিন্ন জেলায় বন্যার শঙ্কা
ভারি বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে দেশের প্রধান পাঁচটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে বিভিন্ন জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার (১০ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৯টায় সাঙ্গু নদীর পানি বান্দরবান পয়েন্টে বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার এবং চট্টগ্রামের দোহাজারী পয়েন্টে ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে মাতামুহুরী নদীর পানির বান্দরবানের লামা পয়েন্টে বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার এবং কক্সবাজারের চিরিঙ্গা পয়েন্টে ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা নদীর পানি সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে ১৮ সেন্টিমিটার এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে অবস্থান করছে। এছাড়া মনু নদীর পানি মনু রেল সেতু পয়েন্টে ৩৫ সেন্টিমিটার ও মৌলভীবাজার পয়েন্টে ৮০ সেন্টিমিটার এবং খোয়াই নদীর পানি হবিগঞ্জের বাল্লা পয়েন্টে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) আরও জানিয়েছে, শুধু এই পাঁচটি নদীই নয়, তিস্তা, সুরমা, সোমেশ্বরী ও ছোট ফেনী নদীসহ আরও বেশ কয়েকটি নদীর পানিও বর্তমানে বিপৎসীমার একেবারে কাছাকাছি অবস্থান করছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে এসব অঞ্চলে বন্যার ঝুঁকি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।
মতামত দিন