Views Bangladesh Logo

১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবির ৫ প্লাটুন মোতায়েন

১৫ আগস্টকে ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাব, এপিবিএনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। পাশাপাশি দিন-রাত নিয়মিত টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।

এদিকে টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি প্রবেশপথ ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি যৌথ টহল বের করা হয়। এতে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ নেতৃত্ব দেন। পুলিশ, র‌্যাব, বিজিবি ও এপিবিএনের সদস্যরা টহলে অংশ নেন।

টহলটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকায় যায়। পরে আবার জেলা শহরে ফিরে আসে।

পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, ১৫ আগস্ট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করবেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ