Views Bangladesh Logo

পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে উৎসে কর ৫ শতাংশই থাকছে: এনবিআর

পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগ থেকে অর্জিত মুনাফার ওপর উৎসে কর ১০ শতাংশ নয়, আগের মতো ৫ শতাংশই কাটা হবে—এ মর্মে স্পষ্ট নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত মাসে এ ক্ষেত্রে ১০ শতাংশ হারে উৎসে কর কেটে নেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল।

মঙ্গলবার এ সংক্রান্ত একটি চিঠি জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় সঞ্চয় অধিদপ্তর সূত্রে জানা যায়, আগে পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের মুনাফার ওপর উৎসে কর ছিল ৫ শতাংশ এবং এর বেশি বিনিয়োগে কর ছিল ১০ শতাংশ। তবে আয়কর আইন ২০২৩–এ সব ক্ষেত্রে ১০ শতাংশ উৎসে করের বিধান রাখা হয়। গত ডিসেম্বর পর্যন্ত এ ক্ষেত্রে ছাড় ছিল। জানুয়ারি থেকে ছাড় প্রত্যাহার হওয়ায় সবার ক্ষেত্রে ১০ শতাংশ কর কাটা শুরু হয়, ফলে পাঁচ লাখ টাকার কম বিনিয়োগকারীরাও জানুয়ারিতে কম মুনাফা পান।

তবে এ পরিবর্তন বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তারা আগের হারে কর কার্যকর এবং অতিরিক্ত কাটা অর্থ ফেরত দেওয়ার দাবি জানান।

এনবিআরের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০১৯ সালের প্রজ্ঞাপন অনুযায়ী কোনো ব্যক্তি যদি সব ধরনের সঞ্চয়পত্রে মোট বিনিয়োগ পাঁচ লাখ টাকার বেশি না করেন, তাহলে মুনাফার ওপর উৎসে করের হার হবে ৫ শতাংশ।

এছাড়া কোনো ব্যক্তির একটি আয়বর্ষে শুধুমাত্র পেনশনার সঞ্চয়পত্রে মোট বিনিয়োগ পাঁচ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকলে সেই মুনাফার ওপর কোনো উৎসে কর প্রযোজ্য হবে না। অর্থাৎ এ ক্ষেত্রে উৎসে করের হার শূন্য শতাংশ।

অন্যদিকে আয়কর আইন ২০২৩–এর ১০৫ ধারা অনুযায়ী, কোনো ব্যক্তির মোট বিনিয়োগ পাঁচ লাখ টাকা অতিক্রম করলে অর্জিত মুনাফার ওপর ১০ শতাংশ হারে উৎসে কর প্রযোজ্য হবে বলে উল্লেখ করা হয়েছে।

এনবিআর আরও জানায়, আগের নিয়ম অনুসারে পাঁচ লাখ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর কাটা হবে না।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর সরকার সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর প্রজ্ঞাপন জারি করলেও চার দিনের মাথায় তা বাতিল করা হয়। ফলে ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর মুনাফার হার চলতি বছরের প্রথম ছয় মাসেও বহাল রয়েছে।

বর্তমানে সঞ্চয়পত্র বিনিয়োগকারীদের জন্য দুই ধাপ চালু আছে—৭ লাখ ৫০ হাজার টাকার নিচে বিনিয়োগকারীরা প্রথম ধাপে এবং এর বেশি বিনিয়োগকারীরা দ্বিতীয় ধাপে। স্কিমভেদে সঞ্চয়পত্রের মুনাফার হার সর্বোচ্চ ১১.৮২ শতাংশ থেকে ১১.৯৮ শতাংশ পর্যন্ত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ