গাজীপুরে মা-তিন সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মা-সন্তানসহ পরিবারের ৫ জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৮ মে) গভীর রাতের কোনো এক সময়ে উপজেলার রাউতকোনা গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জের ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩৫), তার তিন মেয়ে মিম (১৫), মারিয়া (১২) ও ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া (১৮)।
এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত ফোরকান মিয়া। তিনি এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের মতে, ফোরকান মিয়া ও তার পরিবার কাতারে কর্মরত প্রবাসী শ্রমিক মনির হোসেনের বাড়ি ভাড়া নিয়েছিলেন। শুক্রবার রাতে ভুক্তভোগী পরিবারটিকে স্বাভাবিক অবস্থায় দেখা গিয়েছিল। পরদিন সকালে বাড়ির ভেতরে লাশগুলো দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি শাহিনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে