Views Bangladesh Logo

আরও ৫ সংসদীয় কমিটি গঠন, সভাপতির পদে নেই বিরোধী দল

জাতীয় সংসদে আরও পাঁচটি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কোনো কমিটির সভাপতির পদেও বিরোধী দলের কোনো সংসদ সদস্যকে রাখা হয়নি। একই সঙ্গে পানিসম্পদ এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য পরিবর্তন করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে এসব কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলোর নাম ও সদস্যদের প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে তা অনুমোদন দেওয়া হয়।

নতুন গঠিত পাঁচটি কমিটি হলো সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-৪ আসনের বিএনপির সংসদ সদস্য মো. শাহজাহানকে। তিনি বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত ও প্রস্তাব-সংক্রান্ত সংসদীয় কমিটিরও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন গাজীপুর-৫ আসনের বিএনপির সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।

রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন খুলনা-৫ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলকে। আর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন গাজীপুর-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম।

জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত এবং ১১টি বিষয়ভিত্তিক কমিটি। এ পর্যন্ত ৪৫টি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ৩৬টি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি এবং নয়টি বিষয়ভিত্তিক কমিটি রয়েছে।

এদিকে পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে এ কে এম ফজলুল হক মিলন ও মুন্সী রফিকুল আলমের পরিবর্তে মাজহারুল ইসলাম ও ফরিদুল কবীর তালুকদারকে সদস্য করা হয়েছে। অন্যদিকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাছুম মোস্তফার জায়গায় একই দলের সদস্য কামরুল হাসানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ