শাহ আমানত বিমানবন্দরে আরও ৫ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের তীব্রতায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় এই বিমানবন্দর থেকে আরও পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে, ফলে মধ্যপ্রাচ্যগামী ও প্রবাসফেরত যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
রোববার (২২ মার্চ) রাত সাড়ে ১১টায় বিমানবন্দরের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুদ্ধ পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি আগমন ও একটি প্রস্থানসহ মোট দুইটি ফ্লাইট এবং এয়ার আরাবিয়ারও একটি আগমন ও একটি প্রস্থানসহ দুইটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এতসব ব্যাঘাতের মধ্যেও মধ্যপ্রাচ্য রুটে বিভিন্ন এয়ারলাইনসের ছয়টি আগমন ও ছয়টি প্রস্থানসহ মোট ১২টি আন্তর্জাতিক ফ্লাইট সচল ছিল। তবে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট চলাচল এখনো স্বাভাবিক হয়নি এবং এসব রুটে কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ফ্লাইট বিপর্যয় শুরু হয়েছে। সর্বশেষ পাঁচটি ফ্লাইটসহ এ পর্যন্ত মোট ১৬৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের আকাশসীমা ও নিরাপত্তা পরিস্থিতির ওপর ভবিষ্যৎ ফ্লাইট সূচি নির্ভর করছে। যাত্রীদের নিয়মিত সংশ্লিষ্ট এয়ারলাইনস বা বিমানবন্দর হেল্পডেস্কের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে