হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৯৩
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ২০ জুলাই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৯৮ জন এবং নিশ্চিত হামে ৯৫ জন মারা গেছেন। সব মিলিয়ে এ সময়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৩ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯২২ জন নতুন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ১৮ হাজার ৫৭০ জনে পৌঁছেছে।
এ সময়ে পরীক্ষায় ১৪৭ জনের হাম নিশ্চিত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৭৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২০ জুলাই পর্যন্ত ১ লাখ ১ হাজার ২৬ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৭ হাজার ৫৩২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
মতামত দিন