হাম ও উপসর্গ আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ১১৮ জন
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৮ জন, যার মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম হিসেবে শনাক্ত করা হয়েছে ৬২ জনকে।
বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। দেশজুড়ে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়ছে এবং আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ।
স্বাস্থ্য অধিদফতরের দেওয়া পরিসংখ্যান থেকে জানা গেছে, গত দুই মাসে সারা দেশে হামে এবং হামের উপসর্গ নিয়ে মোট ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সরকারি পরীক্ষায় নিশ্চিতভাবে হামের কারণে মারা গেছে ৮৮ শিশু এবং হামের তীব্র উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪৭২ জন।
একই সময়ে সারা দেশে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৮৩৪ জন। এর বাইরে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৬৭ হাজার ৭৯ জন শিশু।
অধিদফতরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি। এই বিভাগে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ২৩৮ শিশুর মৃত্যু হয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৭৯৪ জনে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, প্রকাশিত এই সামগ্রিক হিসাবটি গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে