নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৫
নড়াইলের সদর উপজেলার বরকুলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত আরও সাতজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সাবেক ইউপি চেয়ারম্যান খায়েরের পক্ষ ও খলিল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন— খলিল গ্রুপের প্রধান খলিল রহমান, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, গ্রুপের সদস্য ফেরদৌস হোসেন ও তার ছেলে মুন্না শেখ। এছাড়া প্রতিপক্ষ খায়ের গ্রুপের সদস্য ওসিবুর মিয়াও সংঘর্ষে নিহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান খায়ের ও খলিল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বরকুলা গ্রাম রণক্ষেত্রে পরিণত হয় এবং ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন।
প্রতিপক্ষের আহত ওসিকুর ফকিরকে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। সংঘর্ষের পর ৫–৬টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটে।
নড়াইলের পুলিশ সুপার আল মামুন সিকদার জানান, নতুন করে সহিংসতা ঠেকাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রামজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে একাধিক পুলিশ টিম কাজ করছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে