Views Bangladesh Logo

বান্দরবানে পাহাড়ধসে একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

বান্দরবানের লামা উপজেলায় পৃথক পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের ৩ জনসহ পাঁচজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া (পাগলির ঝিরি) এলাকায় এ ঘটনা ঘটে। এর মধ্যে একটি পাহাড় ধসের ঘটনায় আজিজনগর এলাকার বাসিন্দা মো. ইউনুস, তার স্ত্রী রানু আক্তার এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে মো. সোলেমান নিহত হন। অপর ঘটনায় প্রাণ হারান মো. জুয়েল ও তার স্ত্রী কুলছুমা আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে পাহাড় ধসের পর ক্ষতিগ্রস্ত এলাকা থেকে চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করে।

এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, একই এলাকায় পৃথক দুটি পাহাড় ধসের ঘটনায় শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে টানা বর্ষণের কারণে লামাসহ বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঝুঁকি আরও বেড়েছে। এর পাশাপাশি নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ ছাড়াও সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদেরকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।

এ ছাড়াও অব্যাহত বৃষ্টির কারণে জেলার বিভিন্ন উপজেলার বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ভোগ আরও বেড়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ