Views Bangladesh Logo

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে চলন্ত প্রাইভেটকারের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু।

মঙ্গলবার (২ জুন) ভোররাত ৪টার দিকে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), নুরজাহানের ছেলে আরিফ ইসলাম (২৪), একই গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮), রাকিব (১৮) ও প্রাইভেটকার চালক (২৫)। দুর্ঘটনায় আহতরা হলো– আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)। তারা সবাই প্রাইভেটকারের আরোহী ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, প্রাইভেটকারটি ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল। পথে মালিগ্রাম এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারটি সজোরে ধাক্কা দেয়। তীব্র ধাক্কায় ট্রাকের পেছনের অংশের নিচে গাড়িটি দুমড়েমুচড়ে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ চারজন মারা যান। গুরুতর আহত অবস্থায় রকিবসহ অন্য ভুক্তভোগীদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রকিবের মৃত্যু হয়।

ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার আবু জাফর জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

তিনি বলেন, “প্রাইভেটকারটি ট্রাকের পেছনে এমনভাবে আটকে গিয়েছিল যে চালক ভেতরেই অবরুদ্ধ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুমড়েমুচড়ে যাওয়া গাড়ির অংশ কেটে চালকের মরদেহ উদ্ধার করেন।”

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ