Views Bangladesh Logo

ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড

ময়মনসিংহের হালুয়াঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক হবিবুর রহমানকে হত্যার ঘটনায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন— শুক্কুর আলী (৫৪), আমির আলী (৪৩), জমির আলী (৪১), হাতেম আলী (৩৯) ও হারেজ আলী (৩৩)। তারা সবাই হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের বাসিন্দা।

মামলার নথি অনুযায়ী, ২০১২ সালের ১৪ অক্টোবর হালুয়াঘাটের মোকামিয়া গ্রামে জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জেরে কৃষক হবিবুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহতের বোন নুরুন্নাহার ২০১২ সালের ১৬ অক্টোবর হালুয়াঘাট থানায় ২৫ জনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। রায়ে ২০ জন আসামিকে খালাস দেওয়া হয় এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আদালত পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ