Views Bangladesh Logo

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় এমন প্রয়োজনীয় ৫ অ্যাপ

 VB  Desk

ভিবি ডেস্ক

বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহার মানেই অনেকের কাছে ইন্টারনেটনির্ভর জীবনযাপন। বার্তা পাঠানো, গান শোনা, পেমেন্ট করা কিংবা প্রয়োজনীয় তথ্য খোঁজা—প্রায় সব কাজেই ডেটা সংযোগের প্রয়োজন পড়ে। তাই হঠাৎ ইন্টারনেট না থাকলে বা মোবাইল ডেটা শেষ হয়ে গেলে অনেকেই বিপাকে পড়েন। বিশেষ করে ভ্রমণ, দুর্গম এলাকায় অবস্থান বা বিমানযাত্রার সময় এই সমস্যা আরও বেশি অনুভূত হয়।

তবে স্মার্টফোনে এমন কিছু জনপ্রিয় অ্যাপ রয়েছে, যেগুলো ইন্টারনেট ছাড়াও বেশ কার্যকরভাবে ব্যবহার করা যায়। আন্তর্জাতিক প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম স্ল্যাশগিয়ার-এর এক প্রতিবেদনে এমন পাঁচটি অ্যাপের কথা তুলে ধরা হয়েছে, যেগুলো অফলাইনেও গুরুত্বপূর্ণ সেবা দিতে সক্ষম।

১. গুগল ক্রোম ও অন্যান্য ব্রাউজার
অনেকের ধারণা, ব্রাউজার মানেই ইন্টারনেট সংযোগ। কিন্তু বাস্তবে ব্রাউজার অফলাইনেও নানা কাজে ব্যবহার করা যায়। ডাউনলোড করা পডকাস্ট শোনা, সংরক্ষিত ভিডিও দেখা, পিডিএফ পড়া, টেক্সট ফাইল সম্পাদনা এমনকি কোডিংয়ের কাজও অফলাইনে করা সম্ভব।

২. স্পটিফাই
গান শোনার জনপ্রিয় এই অ্যাপটি মূলত স্ট্রিমিংভিত্তিক হলেও এর অফলাইন সুবিধা বেশ কার্যকর। প্রিমিয়াম ব্যবহারকারীরা হাজারো গান ডাউনলোড করে রাখতে পারেন। ফলে দীর্ঘ ভ্রমণ বা নেটওয়ার্কবিহীন এলাকাতেও সহজে গান শোনা যায়।

৩. গুগল ওয়ালেট ও অ্যাপল ওয়ালেট
দোকানে পেমেন্ট করার সময় সবসময় ইন্টারনেটের প্রয়োজন হয় না। এনএফসি প্রযুক্তির মাধ্যমে এই অ্যাপগুলো অফলাইনেও লেনদেন সম্পন্ন করতে পারে। একইভাবে বোর্ডিং পাস বা ইভেন্টের টিকিটও ইন্টারনেট ছাড়াই দেখানো যায়।

৪. কিন্ডেল
বইপ্রেমীদের জন্য এটি অত্যন্ত উপযোগী একটি অ্যাপ। একবার বই ডাউনলোড করে রাখলে পরে ইন্টারনেট ছাড়াই পড়া যায়। ভ্রমণের সময় একাধিক বই বহনের ঝামেলা এড়াতে এটি দারুণ কার্যকর।

৫. গুগল অথেন্টিকেটর
টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য ব্যবহৃত এই অ্যাপটি সম্পূর্ণ অফলাইনে কাজ করে। প্রতি ৩০ সেকেন্ডে নতুন নিরাপত্তা কোড তৈরি হয় এবং এর জন্য কোনো নেটওয়ার্ক সংযোগের প্রয়োজন পড়ে না। এ কারণে এটি এসএমএসভিত্তিক নিরাপত্তা কোডের তুলনায় বেশি নিরাপদ বলে ধরা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ