পয়লা বৈশাখে দেশের পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে
আগামী পয়লা বৈশাখে (১৪ এপ্রিল) রাজধানী ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অংশে আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, ওই দিন তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া অনুভূত হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। একই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ সক্রিয় রয়েছে, যার প্রভাবেই এই পরিবর্তনশীল আবহাওয়া তৈরি হচ্ছে।
এর আগে শনিবার (১১ এপ্রিল) সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। অন্যদিকে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক ছিল এবং দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছিল।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৈশাখের শুরুতে এ ধরনের বজ্রসহ বৃষ্টি স্বাভাবিক হলেও স্থানীয়ভাবে ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোর কারণে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে