লঞ্চ দুর্ঘটনায় গ্রেপ্তার ৫ জন রিমান্ডে
সদরঘাটের দুর্ঘটনায় লঞ্চের দড়ি ছিঁড়ে পাঁচজনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে তিনদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা সদরঘাট নৌ থানার এসআই (নিরস্ত্র) নকীব অয়জুল হক শুক্রবার (১২ এপ্রিল) ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদনে করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে বিচারক আরিফা চৌধুরী হিমেল জামিনের আবেদন নাকচ করে তিনদিন রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন।
রিমান্ডে যাওয়া পাঁচজন হচ্ছেন- ফারহান-৬ লঞ্চের মাস্টার আব্দুর রউফ হাওলাদার (৫৪), দ্বিতীয় মাস্টার সেলিম হাওলাদার (৫৪) ও ম্যানেজার ফারুক খান (৭০) এবং তাসরিফ-৪ লঞ্চ এর মাস্টার মিজানুর রহমান (৪৮) ও দ্বিতীয় মাস্টার মনিরুজ্জামান (২৮)।
ঈদের দিন বেলা ৩টার দিকে একটি লঞ্চের ধাক্কায় আরেকটির দড়ি ছিঁড়ে পাঁচজনের মৃত্যুর পর বিকালে পাঁচজনকে আটক করেছিল পুলিশ। মামলার পর তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় আরও অজ্ঞাতনামা ৪-৫ জনের জড়িত থাকার কথা বলা হয়েছে।
অবহেলাজনিত বেপরোয়া গতিতে লঞ্চ চালিয়ে মৃত্যু ঘটানোর অপরাধে ঢাকা নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক ইসমাইল হোসাইন বাদি হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ মামলা করেন।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সদরঘাটের পন্টুনে থাকা একটি লঞ্চকে অপর একটি লঞ্চ ধাক্কা দিলে দড়ি ছিঁড়ে আঘাতে একই পরিবারের তিনজনসহ পাঁচজনের মৃত্যু হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে