রাশিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রুস থেকে পাঁচ পর্বতারোহীর মরদেহ উদ্ধার
রাশিয়ার সর্বোচ্চ পর্বত এবং ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুসে পাঁচ বিদেশি পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা বসনিয়া ও হার্জেগোভিনার নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটির সরকার।
রোববার (২৬ জুলাই) রুশ কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। রাশিয়ার তদন্তকারী সংস্থার তথ্যমতে, গত ২৪ জুলাই সাত সদস্যের একটি বিদেশি পর্বতারোহী দল মাউন্ট এলব্রুসে আরোহণ শুরু করে। পরদিন সন্ধ্যায় হঠাৎ আবহাওয়ার দ্রুত অবনতি হলে দলটি নির্ধারিত পথ হারিয়ে ফেলে এবং দুর্গম এলাকায় আটকা পড়ে।
পরে দলের একজন সদস্য নিচে নেমে উদ্ধারকারী বাহিনীকে জানান, প্রায় ৫ হাজার ১০০ মিটার উচ্চতায় তাদের দুই সঙ্গী অসুস্থ হয়ে মারা গেছেন। এ তথ্যের ভিত্তিতে উদ্ধার অভিযান শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযানে প্রথমে একজন জীবিত পর্বতারোহীকে উদ্ধার করা হয়। পরে নিখোঁজ থাকা আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় পাঁচজনে।
বসনিয়া ও হার্জেগোভিনার পররাষ্ট্রমন্ত্রী এলমেদিন কোনাকোভিচ পাঁচ নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করে একে ‘একটি বড় ধরনের ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেছেন। নিহতদের পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনাও জানান তিনি।
উল্লেখ্য, সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৬৪২ মিটার উঁচু মাউন্ট এলব্রুস ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে পরিচিত। প্রতিকূল আবহাওয়া, তুষারঝড় এবং দুর্গম পরিবেশের কারণে প্রতিবছরই সেখানে পর্বতারোহীদের দুর্ঘটনায় পড়ার ঘটনা ঘটে।
মতামত দিন