Views Bangladesh Logo

যবিপ্রবির পাঁচটি স্থাপনার নাম পরিবর্তন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পাঁচটি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ক্যাম্পাসে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমি ভবন ও শেখ হাসিনা ছাত্রী হলসহ ওই পরিবারের চার সদস্যের নামের চারটি স্থাপনা।

ক্যাম্পাসের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবনের নতুন নাম কবি নজরুল একাডেমিক ভবন, শেখ হাসিনা ছাত্রী হলের নতুন নাম তাপসী রাবেয়া ছাত্রী হল, শেখ রাসেল জিমনেশিয়ামের নতুন নাম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়াম এবং ওয়াজেদ মিয়া উচ্চ শিক্ষা ও গবেষণা কেন্দ্রের নতুন নাম রাখা হয়েছে ইনস্টিটিউ ফর হায়ার স্ট্যাটিজ অ্যান্ড রিসার্স।

অন্যদিকে ঝিনাইদহে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অধীন ভেটেরিনারি কলেজের ছাত্রহলের নতুন নামকরণ হয়েছে কবি গোলাম মোস্তফা ছাত্র হল।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপাচার্য অধ্যাপক মো. আবদুল হামিদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

রিজেন্ট বোর্ডের সদস্য ও যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক হোসেন আল মামুন সাংবাদিকদের বলেন, খুবই স্বচ্ছ প্রক্রিয়ায় পাঁচটি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এসব স্থাপনার নাম পরিবর্তনে নতুন নাম আহ্বান করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দেয়া নাম রিজেন্ট বোর্ডের সভায় যাচাই-বাছাই করে নতুন নামকরণের সিদ্ধান্ত হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ