গোপালগঞ্জ জেলাজুড়ে কঠোর নিরাপত্তা, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকীকে ঘিরে গোপালগঞ্জ জেলাজুড়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ শহর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়াসহ জেলার বিভিন্ন স্পর্শকাতর স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পাশাপাশি ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে।
সুরক্ষার স্বার্থে জেলা ও দায়রা জজের বাসভবন সংলগ্ন সড়কে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রাখা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় যৌথ বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স ও তার আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা বলয় জোরদার করায় সমাধি সৌধের আশপাশে সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে এবং যানবাহন চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। এর পাশাপাশি টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, ‘১৫ আগস্ট নয় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিরতি দিয়ে বিজিবি মোতায়ন করা হবে সেটি আইনশৃঙ্খলা ও মনিটরিং কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এটি আমাদের রুটিন কাজেরই অংশ।’
মতামত দিন