Views Bangladesh Logo

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশারফ হোসেনের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ সরকার সেখানে থাকা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। তিনি জানান, ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের অগ্রাধিকার হলো বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সুরক্ষা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া। এ বিষয়ে সংশ্লিষ্ট মিশনগুলো নিয়মিতভাবে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ রাখছে।

এ সময় তিনি আশা প্রকাশ করেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাতের অবসান ঘটবে এবং কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, মরদেহ দেশে আনার খরচ সরকার বহন করছে এবং নিহতদের পরিবারকে সাড়ে তিন লাখ টাকা দেওয়া হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট কার্ডধারীরা আরও ১০ লাখ টাকা সহায়তা পাবেন।

সরকার জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী প্রবাসীদের দেশে ফেরানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং যারা ফিরতে চান, তাদের সহায়তা করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ