Views Bangladesh Logo

উত্তরা থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই: অস্ত্র-গুলিসহ ডিবির হাতে গ্রেপ্তার ৫

রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দেওয়ার জন্য নেওয়া ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্তের পাশাপাশি বিশেষ অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, নগদ অর্থ এবং ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে প্রাথমিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি ডিএমপি। ঘটনার বিস্তারিত জানাতে শনিবার (১৫ আগস্ট) সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সেখানে ছিনতাইয়ের সঙ্গে তাদের সম্পৃক্ততা এবং উদ্ধার হওয়া আলামত সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হতে পারে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট সকালে উত্তরায় ব্যাংকে টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে ডিএল পেট্রোল পাম্পের অর্থ নিয়ে একটি গাড়ি যাচ্ছিল। পথে তিনটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে টাকা বহনকারী ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ছিনতাইয়ের ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়। এরপর ডিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে প্রযুক্তিগত তথ্য ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের পাশাপাশি সন্দেহভাজনদের শনাক্তে অভিযান চালানো হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া অস্ত্র, গুলি, টাকা ও অন্যান্য সরঞ্জাম ছিনতাইয়ের ঘটনায় গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচনা করা হচ্ছে। তদন্তের স্বার্থে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য শনিবারের সংবাদ সম্মেলনে জানানো হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ