অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত ৫ রাষ্ট্রদূতকে প্রত্যাহার
বাংলাদেশ সরকার অন্তর্বর্তী সরকারের সময়ে চুক্তিভিত্তিকভাবে নিয়োগপ্রাপ্ত ৫ জন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে প্রত্যাহার করেছে।
রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, অন্তর্বর্তী সরকারের সময়ে পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতরা এবং যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনারকে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন- এম. মাহফুজুল হক (পর্তুগাল), মো. ময়নুল ইসলাম (পোল্যান্ড), এম. মুশফিকুল ফজল আনসারী (মেক্সিকো), মো. নাজমুল ইসলাম (মালদ্বীপ) এবং আবিদা ইসলাম (যুক্তরাজ্যে হাইকমিশনার)।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই কর্মকর্তা-কর্মচারীদের সদর দপ্তর ঢাকায় বদলি করা হয়েছে। তাদের অতিসত্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই পদক্ষেপ নতুন সরকারের বিদেশনীতি ও কূটনৈতিক নিয়োগের পুনর্মূল্যায়নের অংশ হিসেবে দেখা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে