Views Bangladesh Logo

ফিতরার হার নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

১৪৪৭ হিজরি সনের রমজান উপলক্ষে এ বছরের সাদকাতুল ফিতরের হার নির্ধারণ করেছে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি। বাংলাদেশে জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরও ফিতরার হার একই ছিল।

বুধবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশন–এর সভাকক্ষে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ফিতরার নির্ধারিত হার জানান।

সভায় জানানো হয়, ইসলামী শরীয়াহ অনুযায়ী সামর্থ্যবান মুসলমানরা গম, আটা, যব, খেজুর, কিসমিস বা পনির—এই ছয়টি পণ্যের যেকোনো একটির নির্ধারিত পরিমাণ অথবা সমপরিমাণ বাজারমূল্য ফিতরা হিসেবে প্রদান করতে পারবেন।

গম বা আটার ক্ষেত্রে পরিমাণ ধরা হয়েছে এক কেজি ৬৫০ গ্রাম (অর্ধ সা’)। খেজুর, কিসমিস, পনির ও যবের ক্ষেত্রে নির্ধারিত পরিমাণ ৩ কেজি ৩০০ গ্রাম (এক সা’)। এসব পণ্যের বর্তমান বাজারমূল্য বিবেচনায় ফিতরার সর্বনিম্ন ও সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে।

উন্নতমানের আটা বা গমের এক কেজি ৬৫০ গ্রামের মূল্য ধরা হয়েছে ১১০ টাকা (প্রতি কেজি ৬৫ টাকা হিসেবে)। যবের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রামের মূল্য ৫৯৫ টাকা (প্রতি কেজি ১৮০ টাকা)। কিসমিসের জন্য ৩ কেজি ৩০০ গ্রামের মূল্য ২ হাজার ৬৪০ টাকা (প্রতি কেজি ৮০০ টাকা)। খেজুরের ক্ষেত্রে একই পরিমাণের মূল্য ২ হাজার ৪৭৫ টাকা (প্রতি কেজি ৭৫০ টাকা) এবং পনিরের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রামের মূল্য ২ হাজার ৮০৫ টাকা (প্রতি কেজি ৮৫০ টাকা) নির্ধারণ করা হয়েছে।

তবে স্থানীয় খুচরা বাজারে দামের তারতম্য থাকতে পারে। সে ক্ষেত্রে নিজ নিজ এলাকার বাজারদর অনুযায়ী ফিতরা পরিশোধ করলেও আদায় হবে বলে জানানো হয়েছে।

সভায় কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনূর রশীদ সভাপতির পক্ষে বক্তব্য পাঠ করেন।

এছাড়া জানানো হয়, যে ব্যক্তি ঈদের দিন সুবহে সাদিকের সময় নেছাব পরিমাণ সম্পদের মালিক থাকবেন (সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার সমপরিমাণ), তার ওপর নিজের ও নাবালক সন্তানসহ নির্ভরশীলদের পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। ঈদের নামাজের আগে ফিতরা আদায় করতে হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ