Views Bangladesh Logo

২৪ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষিদ্ধ

রাঙামাটি জেলা প্রশাসন কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে। আগামী ২৪ এপ্রিল মধ্যরাত থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হ্রদে সব ধরনের মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় কাপ্তাই হ্রদে মাছের নিরাপদ প্রজনন, বংশবিস্তার ও স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, নিষেধাজ্ঞার বিষয়টি সবাইকে জানাতে নৌপথ ও সড়কপথে মাইকিংসহ প্রচার চালানো হবে। পাশাপাশি অবৈধভাবে মাছ ধরা ঠেকাতে কাপ্তাই হ্রদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, চলতি মৌসুমে কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন, বংশবিস্তার ও বৃদ্ধি নিশ্চিত করার স্বার্থে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞাকালে কাপ্তাই হ্রদনির্ভর কার্ডধারী জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল সহায়তা দেওয়া হবে।

সভায় মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ইশতিয়াক হায়দার, বিএফডিসি কমান্ডার মো. ফয়েজ আল করিম, চট্টগ্রাম অঞ্চলের নৌ পুলিশ সহকারী পুলিশ সুপার আবু মো. দিলওয়ার হাসান ইনাম, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানসহ জেলে ও মৎস্যজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ