গুপ্তধন ভেবে বাড়িতে নেওয়া বস্তুটি ছিল বোমা, অল্পের জন্য রক্ষা পেল জেলে পরিবার
রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে মাছ ধরার সময় জালে ওঠা একটি বোমাকে গুপ্তধন ভেবে বাড়িতে নিয়ে যান এক জেলে। পরে ছেলের সন্দেহে পুলিশকে খবর দিলে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি নিষ্ক্রিয় করে।
বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার রাওথা-পিরোজপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পদ্মা নদীতে মই জাল দিয়ে মাছ ধরছিলেন জেলে সাইদার রহমান। জাল তোলার সময় মাছের পরিবর্তে ভারী ধাতব একটি বস্তু উঠে আসে। মূল্যবান কোনো বস্তু বা গুপ্তধন মনে করে তিনি সেটি বাড়িতে নিয়ে যান।
বাড়িতে এনে বস্তুটি পরিষ্কার করার সময় তার ছেলে সাব্বির রহমান ছবি তুলে ইন্টারনেটে অনুসন্ধান করেন। পরে এটি বোমা বা বিস্ফোরক হতে পারে বলে সন্দেহ হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়।
খবর পেয়ে চারঘাট মডেল থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মীরগঞ্জ বিওপির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করেন। সম্ভাব্য ঝুঁকি এড়াতে সেটি পানিভর্তি একটি বালতিতে সংরক্ষণ করে এলাকা নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমাটি নিষ্ক্রিয় করে।
জেলে সাইদার রহমান বলেন, প্রথমে এটিকে নদীতে পাওয়া কোনো গুপ্তধন মনে করেছিলাম। পরে ছেলের সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেই। আল্লাহর রহমতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি।
চারঘাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন তুহিন জানান, উদ্ধার করা বস্তুটি নিরাপদে সংরক্ষণের পর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি নিষ্ক্রিয় করেছে। এটি ঠিক কী ধরনের বোমা, তা বিশেষজ্ঞদের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
মতামত দিন