সুন্দরবনে গুলিতে জেলে নিহত, বনবিভাগ কার্যালয়ে হামলা
সুন্দরবনে কাঁকড়া ধরার সময় গুলিতে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় বনবিভাগের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলে কার্যালয়ে হামলা চালায় স্থানীয়রা। এতে পাঁচ বনকর্মী আহত হয়েছেন।
সোমবার সকালে খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান। নিহত জেলে আমিনুর রহমান (৪৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী জেলেদের দাবি, সকালে তারা শতমুখি খালে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বনবিভাগের খুলনা স্মার্ট পেট্রোল দল তাদের নৌকাকে লক্ষ্য করে সংকেত দেয়। জেলেরা তাৎক্ষণিকভাবে কাছে না গেলে বনকর্মীরা গুলি ছোড়েন বলে অভিযোগ করেন তারা। এতে আমিনুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা বনবিভাগের কার্যালয়ে হামলা চালায়। এতে ফরেস্টার শেখ মো. ফারুক আহমেদ, এফজি মো. মেজবাউল ইসলাম, এফজি ফয়জুর রহমান, এফজি আজাদুল ইসলাম এবং আউটসোর্সিং কর্মী এখলাছুর রহমান আহত হন। আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, ঘটনাটি খুলনার বিভাগীয় বন কর্মকর্তা, সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক, শ্যামনগর ইউএনও এবং স্থানীয় থানাকে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তাকে আশ্বস্ত করেছেন। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে