Views Bangladesh Logo

বঙ্গোপসাগরে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

বরগুনার পাথরঘাটায় বঙ্গোপসাগরের বলেশ্বর নদীর মোহনায় মাছ ধরার ট্রলার থেকে পড়ে মো. শাহিন (২৭) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। সোমবার রাতের কোনো একসময় তিনি ট্রলার থেকে সাগরে পড়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে ট্রলারে জাল তোলার সময় শাহিনকে না পেয়ে অন্য জেলেরা খোঁজাখুঁজি শুরু করেন। ট্রলারের ভেতর ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দুপুর পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজ শাহিন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শাপলেজা ইউনিয়নের ভাইজোড়া এলাকার আলম মিয়ার ছেলে। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী এলাকার ফুল মিয়ার মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারে জেলে হিসেবে কাজ করতেন।

ট্রলার মালিক ও জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রলারটিতে মোট ১০ জন জেলে ছিলেন। সোমবার রাতে বঙ্গোপসাগরের মোহনায় জাল ফেলে তারা ট্রলারে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে জাল তোলার সময় সবাইকে ডাকাডাকি করা হলে শাহিনকে পাওয়া যায়নি। পরে ট্রলারের ভেতর ও আশপাশে খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় ধারণা করা হয়, রাতের কোনো একসময় তিনি সাগরে পড়ে গেছেন।

ট্রলারের মালিক ও মাঝি ফুল মিয়া বলেন, রাতে জাল ফেলে সবাই ঘুমিয়ে পড়েছিলেন। সকালে শাহিনকে পাওয়া যায়নি। এ কারণে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় তিনি ট্রলার থেকে সাগরে পড়ে গেছেন।

শাহিনের স্বজনেরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তারা শাহিনকে জীবিত উদ্ধারের আশায় অপেক্ষা করছেন। দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জেলেদের নিখোঁজ হওয়ার ঘটনা নতুন নয়। শাহিন নিখোঁজ হওয়ার খবর তারা পেয়েছেন। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, জেলে নিখোঁজ হওয়ার বিষয়টি তারা জানতে পেরেছেন। নিখোঁজ শাহিনের বাড়ি মঠবাড়িয়া উপজেলায় হওয়ায় বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ