পদ্মা নদীতে জেলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
নাটোরের লালপুরে পদ্মা নদীতে মাছ ধরার সময় দুর্বৃত্তদের গুলিতে সাহাবুল ইসলাম (৪৫) নামের এক জেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাহাবুল ইসলাম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর গ্রামের বাসিন্দা এবং মো. ইউনুছ প্রামানিক ও সাহারা বানুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুন দিবাগত রাতে লালপুর থানার রাইটার চর এলাকায় পদ্মা নদীর তীরে শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় মাছ ধরছিলেন সাহাবুল ইসলাম ও মো. রবিউল ইসলাম (৩৭)। এ সময় চরাঞ্চল থেকে মোটরসাইকেলে আসা ৫-৬ জন অজ্ঞাত অস্ত্রধারী নদীর পাড়ের কাছাকাছি অবস্থান নিয়ে নৌকাটিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
গুলিতে সাহাবুলের ডান কাঁধের ওপরের অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। প্রাণ বাঁচাতে সঙ্গে থাকা রবিউল ইসলাম আতঙ্কিত হয়ে পদ্মায় ঝাঁপ দেন এবং সাঁতরে নিরাপদ স্থানে পৌঁছান। তবে তার শরীর ও দুই হাতে সামান্য আঘাত লাগে। রবিউল জানান, হামলাকারীদের কাউকে তিনি চিনতে পারেননি।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি মরদেহ ও একটি কালো রঙের শ্যালো ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
মতামত দিন