Views Bangladesh Logo

চিরকুটে হত্যার হুমকির পর তিন পুকুরে বিষ, ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় হত্যার হুমকিসংবলিত চিরকুট পাওয়ার কয়েক দিনের মাথায় এক মৎস্যচাষির তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের হরিসারা চাপাগাছি গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে পুকুরে খাবার দিতে গিয়ে কামরুজ্জামান দেখেন রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প ও পাঙাশসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে উঠেছে।

ক্ষতিগ্রস্ত কামরুজ্জামান বলেন, ধারদেনা করে বর্গা নেওয়া তিনটি পুকুরে মাছ চাষ করেছিলেন। মাছ বিক্রির টাকাতেই তাঁর পরিবারের সংসার চলত। বিষ প্রয়োগে প্রায় পাঁচ লাখ টাকার মাছ মারা গেছে।

এ ঘটনায় কামরুজ্জামানের ছোট ভাই নুরুজ্জামান আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি বলেন, প্রায় চার মাস আগে তাঁদের খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছিল। প্রায় ১০ দিন আগে বাড়ির দেয়ালে হত্যার হুমকিসংবলিত কয়েকটি চিরকুট টাঙানো হয়। একটি চিরকুটে লেখা ছিল, ‘সাবধানে থাকিস। তোর হাতে দুই বছর টাইম আছে। তোর একটা ভুলের কারণে তুই মরবু।’

নুরুজ্জামান আরও জানান, পুকুরের পানিতেও তিনটি চিরকুট পাওয়া গেছে। সেখানে লেখা ছিল, ‘তোদের আর ছাড়ব না’ এবং ‘যেমন করেছিস, তেমন ফল পাবি’। একটি চিরকুটে চাকুর ছবিও আঁকা ছিল।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ইউপি সদস্য বায়োজীদ হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি তিনটি পুকুরে মাছ মরে ভেসে থাকতে দেখেছেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ