ফার্স্ট-সেকেন্ডের বিভাজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মুক্তচিন্তাকে বাধাগ্রস্ত করে: তথ্যমন্ত্রী
শিক্ষাব্যবস্থায় ফার্স্ট, সেকেন্ড কিংবা গ্রেডভিত্তিক বিভাজনের সংস্কৃতি শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও স্বাধীন চিন্তার বিকাশে বাধা সৃষ্টি করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (১১ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ফার্স্ট, সেকেন্ড কিংবা গ্রেডের ভিত্তিতে মূল্যায়নের মাধ্যমে একধরনের মানসিক কারাগারে আবদ্ধ রাখা হয়। প্রকৃত শিক্ষা হলো মুক্তচিন্তার শিক্ষা, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের যোগ্যতা, প্রতিভা ও সম্ভাবনা বিকাশের সমান সুযোগ পায়।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর, আর শিক্ষকরা সেই আলোর বাহক। তাই শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা নয়, শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দায়িত্ববোধ গড়ে তোলার দিকেও গুরুত্ব দিতে হবে। একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এসব গুণের বিকাশ অপরিহার্য।
শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে জহির উদ্দিন স্বপন বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, নতুন একাডেমিক ভবন নির্মাণের ফলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত হবে।
তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় অংশ নিতে হবে। খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং দলগত কাজের মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলমের সভাপতিত্বে বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবদুস ছাত্তার মৃধাসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
মতামত দিন