প্রথমার্ধ: কুনিয়ার জোড়া গোল, ভিনিসিয়ুসের ঝলক, ব্যবধানে ৩-০
হাইতির বিপক্ষে প্রথমার্ধে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে ব্রাজিল। ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে বিরতিতে ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে কার্লো আনচেলত্তির দল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর এই ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবং শুরু থেকেই তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে।
ম্যাচের শুরুতে রাফিনিয়ার একটি গোল অফসাইডের কারণে বাতিল হলেও আক্রমণের ধার কমায়নি ব্রাজিল। ২৩তম মিনিটে মাঝমাঠে হাইতির বল হারানোর সুযোগ কাজে লাগিয়ে দ্রুত আক্রমণে ওঠে সেলেসাওরা। ভিনিসিয়ুস জুনিয়রের নিখুঁত পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন মাতেউস কুনিয়া। এরপর ৩৬তম মিনিটে আবারও একই জুটির সমন্বয়ে আসে দ্বিতীয় গোল। ভিনিসিয়ুসের বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোল করেন কুনিয়া, যা ব্রাজিলকে আরও স্বস্তি এনে দেয়।
প্রথমার্ধের শেষ মুহূর্তে নিজের অসাধারণ পারফরম্যান্সে গোলও যোগ করেন ভিনিসিয়ুস। গোল করে স্কোরলাইন ৩-০ করেন তিনি। এর আগে ব্রাজিলের প্রথম দুই গোলেই অ্যাসিস্ট করেছিলেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।
তবে প্রথমার্ধে একটি দুশ্চিন্তার খবরও পেয়েছে ব্রাজিল। ৪০তম মিনিটে কোনো সংঘর্ষ ছাড়াই মাঠে পড়ে যান রাফিনিহা। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে মাঠ ছাড়তে হয় এবং তার পরিবর্তে নামানো হয় রায়ানকে। রাফিনিয়ার চোট কতটা গুরুতর, তা এখনো জানা যায়নি।
বল দখল, আক্রমণ, সুযোগ সৃষ্টি এবং ম্যাচের নিয়ন্ত্রণ—সব বিভাগেই স্পষ্ট আধিপত্য দেখাচ্ছে ব্রাজিল। অন্যদিকে হাইতি রক্ষণ সামলাতেই ব্যস্ত থেকেছে এবং ব্রাজিলের গোলমুখে উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি। প্রথমার্ধের পারফরম্যান্সে নকআউট পর্বের লড়াইয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্টের পথে বেশ শক্ত অবস্থানেই রয়েছে আনচেলত্তির শিষ্যরা।
মতামত দিন