Views Bangladesh Logo

কড়া নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামের প্রথম চালান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা ইউরেনিয়ামের প্রথম চালান কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা থেকে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত প্রকল্প এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। শনিবার (৩ অক্টোবর) সকালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাজধানী ঢাকা থেকে প্রকল্প এলাকার উদ্দেশ্যে রওনা দেয় ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর।

এর আগে রাশিয়া থেকে ইউরেনিয়াম বহনকারী একটি বিশেষ চার্টার্ড কার্গো বিমান শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে  ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি গ্রহণ করেন।

কর্মকর্তারা জানান, বিমানবন্দরের প্রয়োজনীয় দাপ্তরিক আনুষ্ঠানিকতা ও নিরাপত্তা পরীক্ষা শেষে পারমাণবিক জ্বালানিগুলো তিনটি লরিতে লোড করা হয়। এরপর সকাল ৭টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ নিরাপত্তা দলের পাহারায় ইউরেনিয়াম নিয়ে রূপপুরের উদ্দেশে যাত্রা করে বহরটি।

ইউরেনিয়াম বহনকারী বহরটির নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ঢাকা বিমানবন্দর থেকে রূপপুর পর্যন্ত ২০০ কিলোমিটারের বেশি দীর্ঘ মহাসড়কে ‘গ্রিন প্যাসেজ’ ঘোষণা করা হয়। পুলিশ জানায়, যাত্রাপথে মহাসড়কের একটি লেন যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ খালি রাখা হয়।

যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, সকাল ৯টা ১০ মিনিটের দিকে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর নিরাপদে যমুনা সেতু অতিক্রম করে।

প্রকল্প সূত্র জানায়, বিমানবন্দরে আনলোড ও প্রয়োজনীয় নিরাপত্তা বলয় পার করার পর এই কাঁচামাল সরাসরি প্রকল্প এলাকায় নিয়ে গিয়ে প্ল্যান্ট সাইটে নিরাপদে সংরক্ষণ করা হবে।

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসন প্রধান মো. গোলাম মাহবুব জানান, ইউনিট-১ এর অতিরিক্ত প্রয়োজন মেটাতে এবং ইউনিট-২ চালুর (কমিশনিং) আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সব মিলিয়ে মোট ৯টি ফ্লাইটের মাধ্যমে ইউরেনিয়ামের চালান দেশে আনা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ