Views Bangladesh Logo

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শনিবার (১৪ মার্চ) দুপুরে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ সালের প্রথম) অধিবেশনের কার্যসূচি সম্পন্নের জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্ব নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। এ সময় রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হবে এবং ৩০ এপ্রিল প্রথম অধিবেশন শেষ হবে। তবে প্রয়োজন অনুযায়ী অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারের হাতে থাকবে।

জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৈঠকে কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন।

জানা গেছে, চলতি অধিবেশনে মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৪৬০টি প্রশ্ন রয়েছে। এছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের নোটিশ এসেছে ২৭টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাব জমা পড়েছে ৯৭টি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নুরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ অন্যরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ