ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার পর সংসদের এ অধিবেশন শুরু হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হওয়ার পর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিকে সংসদ কক্ষে স্পিকারের আসন এখনো শূন্য রয়েছে। নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন—তা এখনো নির্ধারিত হয়নি। অধিবেশনের শুরুর বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসেন।
এর আগে বুধবার অধিবেশনকে সামনে রেখে সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা আলাদা করে সংসদীয় দলের বৈঠক করেন। সেই বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার দলের অবস্থান তুলে ধরে ‘নোট অব ডিসেন্ট’ (আপত্তি) উল্লেখ করে জুলাই সনদ বাস্তবায়নের ইঙ্গিত দেন।
অন্যদিকে জামায়াত ও এনসিপির অবস্থান অনুযায়ী বিরোধীদলীয় সদস্যরা গণভোটে পাস হওয়া জুলাই সনদের হুবহু বাস্তবায়নের দাবি জানিয়েছেন। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কাঠামো, সংসদের উচ্চকক্ষ গঠন পদ্ধতি এবং কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে