Views Bangladesh Logo

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমার প্রথম ধাপ

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১১ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে শেষ হয় ৯টা ৩৫ মিনিটে। এর মাধ্যমে এই ধাপের সমাপ্তি ঘটে। আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের। আয়োজকদের মতে, এবারের আখেরি মোনাজাতে প্রায় ২০ লাখ মুসল্লি অংশ নিয়েছেন।

আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার (১ ফেব্রুয়ারি) রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসেন। এ সময় ইজতেমা এলাকায় যান চলাচল বন্ধ থাকায় অনেকেই পায়ে হেঁটে ইজতেমা ময়দানে পৌঁছান। এ ছাড়াও টঙ্গীর ইজতেমা মাঠসংলগ্ন বিভিন্ন সড়কে মুসল্লিরা অবস্থান নেন এবং সেখান থেকেই মোনাজাতে শরিক হন।

ইজতেমার আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, আখেরি মোনাজাতের আগে ভারতের মাওলানা আব্দুর রহমান হেদায়েতি মুসল্লিদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বয়ান দেন। এতে তিন চিল্লার জন্য বের হতে যাওয়া জামাত এবং নিজ নিজ এলাকায় ফিরে যাওয়া মুসল্লিদের করণীয় বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। বাংলায় অনুবাদ করেন মাওলানা আব্দুল মতিন। এছাড়া মাওলানা ইব্রাহিম দেওলা নসিহতমূলক বক্তব্য দেন, যার অনুবাদ করেন মাওলানা জুবায়ের।

তিনি আরও জানান, তিন দিনের ইজতেমায় মোট পাঁচজন মুসল্লির মৃত্যু হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান জানিয়েছেন, “আখেরি মোনাজাতের শেষে মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় প্রায় সাত হাজার পুলিশ নিয়োজিত থাকবে। খিত্তায় খিত্তায় মুসল্লিদের বেশে সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। মুসল্লিরা যাতে দ্রুত এবং নিরাপদে ইজতেমা ময়দান ত্যাগ করতে পারে সেজন্য বাস, ট্রেনসহ সব ধরনের যানবাহনের ব্যবস্থা রয়েছে।”

এবার তাবলিগ জামাতের দুই পক্ষ আলাদাভাবে বিশ্ব ইজতেমার আয়োজন করছে। মাওলানা জুবায়ের অনুসারীরা প্রথম পর্বে দুই ধাপে ইজতেমা করছেন। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপ অনুষ্ঠিত হয়, যেখানে ঢাকার একাংশসহ ৪১ জেলার মুসল্লিরা অংশ নেন। প্রথম পর্বের দ্বিতীয় ধাপ ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, যেখানে ঢাকার বাকি অংশের মুসল্লিসহ ২২ জেলার অংশগ্রহণ থাকবে।

আট দিনের বিরতি দিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে মাওলানা সা’দ কান্ধলভীর অনুসারীরা দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার সমাপ্তি হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ