Views Bangladesh Logo

এই বছরে নিপাহ ভাইরাসে দেশে প্রথম মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে নিপাহ ভাইরাসের সংক্রমণে নওগাঁয় একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, জানুয়ারি মাসে দেশের উত্তরাঞ্চলে এক নারী এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

ডব্লিউএইচও জানায়, মৃত ওই নারীর বয়স ছিল ৪০ থেকে ৫০ বছরের মধ্যে। ২১ জানুয়ারি তার শরীরে নিপাহ ভাইরাসের লক্ষণ দেখা দেয়। যার মধ্যে ছিল জ্বর, মাথাব্যথা, অতিরিক্ত লালা নিঃসরণ, মানসিক বিভ্রান্তি এবং খিঁচুনি। লক্ষণ দেখা দেওয়ার এক সপ্তাহ পর তিনি মারা যান এবং পরের দিন তার নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

আইইডিসিআরের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, “ওই নারী নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বিষয়টি জানার পর আমরা পরীক্ষা করে নিশ্চিত হয়েছি, তিনি নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিপাহ ভাইরাসে চলতি বছর এটাই প্রথম মৃত্যু।”

গত ২৮ জানুয়ারি ওই নারীর মৃত্যু হয় বলে জানান শারমিন সুলতানা।

দেশে নিপাহ ভাইরাসে সবশেষ মৃত্যু হয় গত বছরের আগস্ট মাসে। ওই বছর এই ভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়।

নিপাহ ভাইরাস মূলত শূকর ও ফলখেকো বাদুড়ের মতো প্রাণী থেকে মানবদেহে ছড়ায়। এসব প্রাণীর সরাসরি সংস্পর্শে এলে বা এদের লালা বা মলমূত্রের মাধ্যমে মানুষ আক্রান্ত হতে পারেন। মানুষের দেহে প্রবেশের পর এ ভাইরাস সাধারণত চার থেকে ১৪ দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে। সংক্রমণের প্রাথমিক বিভিন্ন লক্ষণ হচ্ছে, তীব্র জ্বর, বমি বমি ভাব, বমি ও শ্বাসকষ্ট, যা পরবর্তীকালে নিউমোনিয়ায় রূপ নিতে পারে। গুরুতর ক্ষেত্রে মস্তিষ্কে বিপজ্জনক প্রদাহ বা ফোলা তৈরি করে এই রোগ। যার ফলে তন্দ্রাচ্ছন্ন ভাব ও খিঁচুনির মতো স্নায়বিক সমস্যা দেখা দেয়। এ ভাইরাস একজন থেকে অন্য কারো দেহে ছড়ানোর হার কম হলেও একে মহামারীর জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ