Views Bangladesh Logo

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করা, বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যবহার এবং জনগণের জন্য সরকারি সেবার মান বাড়াতে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলন বৈঠকে সভাপতিত্ব করেন। শুরুতে কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের গত ছয় মাসের কার্যক্রম মূল্যায়ন করে পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির বিষয়টি তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়। সভায় জানানো হয়, পদ্মা ব্যারাজ প্রকল্প ইতোমধ্যে একনেকে অনুমোদিত হয়েছে।

এ ছাড়া ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে জোরালো আশ্বাস পাওয়ার বিষয়টি কমিটিকে অবহিত করা হয়। আগামী বছর থেকে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হওয়ার কথাও সভায় জানানো হয়েছে।

বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ সার্বিক কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়।

সভায় জানানো হয়, বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৯৩টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এসব প্রকল্প বাস্তবায়নে মোট ৭ হাজার ৮৩২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রকল্পগুলোর মেয়াদ, অর্থবরাদ্দ ও বাস্তবায়নসংক্রান্ত বিস্তারিত তথ্যও কমিটির সামনে তুলে ধরা হয়।

বৈঠকে কমিটির সদস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।

এ ছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার মহাপরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ