Views Bangladesh Logo

শত প্রাণের উচ্ছ্বাসে ঢাকায় ‘বগুড়া ফেস্ট’

গুড়া জেলার নানান শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বগুড়া ফেস্ট-২০২৫’।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দিনব্যাপী এই আয়োজনটির উদ্বোধন হয় ঢাকার বনানীর বি-ব্লক মাঠে। বর্ণিল এ উৎসবের আয়োজন করে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি।

পুন্ড্রনগরী বা পুন্ড্রবর্ধন খ্যাত বগুড়ার অতীত ঐতিহ্য ঘিরে সারা দিনব্যাপী আয়োজনের মূল আকর্ষণ ছিল বগুড়ার জনপ্রিয় খাবার আলুঘাঁটি এবং বিখ্যাত মিষ্টান্ন দই। এ ছাড়া বিশেষ আয়োজনে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বৃহত্তর বগুড়ার গণমাধ্যম ও মিডিয়া ব্যক্তিত্ব, চলচিত্র ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মী এবং বিভন্ন পেশার মানুষ অংশ নেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশের খ্যাতনামা কণ্ঠশিল্পী খুরশীদ আলম ও কনকচাঁপা। এছাড়া নতুন প্রজন্মের সংগীত শিল্পীদের মধ্যে জিনিয়া আফরিন লুইপা, স্বর্গ্য তৌহিদ, রাফিউল ইসলাম প্রান্ত প্রমুখ সংগীত পরিবেশন করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বগুড়ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘আমরা ক’জন শিল্পগোষ্ঠী’র শিল্পীরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বগুড়ার প্রবীণ গণমাধ্যম ব্যক্তিত্ব মোজাম্মেল হক লালু, সাংবাদিক আতিকুর রহমান রুমন, কবি ও সাহিত্যিক ফারুক ওয়াসিফ, চিত্রনায়ক আদর আজাদ, জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার শফিউল ইসলামসহ বগুড়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এর আগে সকালে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির সদস্যরা আনন্দ শোভাযাত্রা বের করেন। এরপর দিনভর কৃষ্টি, খাবার, নাটক, নাচে-গানে জমে ওঠে ‘বগুড়া ফেস্ট’ উৎসব।

‘বগুড়া ফেস্ট’ আয়োজনটিকে ঘিরে বনানীর বি-ব্লক মাঠটিকে সাজানো হয় বগুড়া জেলার বিভিন্ন ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনার অনুরূপ প্রতীকী স্থাপনা ও প্রতিচিত্র তৈরি করে। মহাস্থানগড়, গোকুল মেধ ও বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথার ‘বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভ’ ফুটে ওঠে এসব শিল্পকর্মে।

আয়োজকরা জানান, ঢাকা ও ঢাকার আশপাশে বসবাসকারী বগুড়ার মানুষদের নিয়ে এই মিলনমেলা প্রতি বছরই আয়োজন করতে চান তারা। বৃহত্তর বগুড়া অঞ্চলের মানুষদের মধ্যে সৌহার্দ্য, আন্তরিকতা ও যোগাযোগ বাড়ানোই হলো এই আয়োজনের মূল লক্ষ্য।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ